
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে এই রুটে ট্রেনটির চলাচল শুরু হবে। নতুন এ সেবায় নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
ফেরার পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
এদিকে, কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১৭ অক্টোবর)। মহানগর এক্সপ্রেস চালু হলে ঢাকা-কক্সবাজার রুটে রেলযাত্রার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে মধ্যবর্তী জেলাগুলোর যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যাতায়াত করতে পারবেন।